হরমুজ প্রণালি খুলে না দিলে আগামী মঙ্গলবারের মধ্যে ইরানের সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে ট্রাম্পের এই চরম উত্তপ্ত বার্তার তথ্য নিশ্চিত করেছে। ট্রাম্প তার পোস্টে সরাসরি উল্লেখ করেন যে আগামী মঙ্গলবার ইরানের জন্য হবে বিদ্যুৎকেন্দ্র আর সেতু ধ্বংসের দিন। তিনি দাবি করেন দেশটিকে এমনভাবে গুঁড়িয়ে দেওয়া হবে যা আগে আর কখনো কেউ দেখেনি।
ইরানের নেতাদের উদ্দেশ্য করে অত্যন্ত কড়া ভাষায় ট্রাম্প লেখেন তারা যেন এখনই হরমুজ প্রণালি খুলে দেয়, নাহলে তাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মার্কিন প্রেসিডেন্টের এই বার্তা বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধ ও উত্তেজনার শঙ্কা বাড়িয়ে দিয়েছে।
এর আগে গত শনিবারও ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো চুক্তিতে না পৌঁছালে বা হরমুজ প্রণালি উন্মুক্ত না করলে দেশটির ওপর ‘জাহান্নাম’ নেমে আসবে। সেই আলটিমেটামের সময় প্রায় শেষ হয়ে আসায় এখন আরও আক্রমণাত্মক মেজাজে দেখা যাচ্ছে তাকে। ট্রাম্প মনে করিয়ে দেন যে তিনি ইরানকে আলোচনা বা জলপথ খোলার জন্য ১০ দিন সময় দিয়েছিলেন, যার মেয়াদ এখন একেবারে শেষ পর্যায়ে।
মার্কিন অর্থনীতির স্বার্থে বিভিন্ন দেশে শুল্ক আরোপের সুফল নিয়েও একই সময়ে কথা বলেন ট্রাম্প। তবে ইরানের ব্যাপারে তার অবস্থান একেবারেই ভিন্ন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে একটি পারমাণবিক শক্তিহীন ইরান গড়ে তোলাই তার মূল লক্ষ্য। উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্পের হুঁশিয়ারি কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকে নাকি মঙ্গলবার বড় কোনো সামরিক পদক্ষেপের দিকে মোড় নেয় তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইরান এখন পর্যন্ত এই হুমকির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।